বাংলাদেশেও ‘বিজ্ঞাপনমুক্ত’ ইউটিউব প্রিমিয়াম চালু
বৃহস্পতিবার থেকে এক মাসের ফ্রি ট্রায়েলের মাধ্যমে বাংলাদেশে চালু হলো বিজ্ঞাপনমুক্ত ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিক ব্যবহারের সুযোগ। প্রথম মাস ফ্রি দিলেও এরপর ব্যবহারের জন্য প্রতিমাসে ২৩৯ টাকা করে দিতে হবে ব্যবহারকারীরে। তবে শিক্ষার্থীরা এক্ষেত্রে আরেকটু মূল্য ছাড়ে ১৩৯ টাকায় ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া ৪৪৯ টাকার ফ্যামিলি প্যাকেজ সাবস্ক্রিপশন করলে সর্বোচ্চ ৫ জন ব্যবহার করতে পারবেন।
এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ইউটিউব বাংলাদেশের পার্টনার ম্যানেজার আবু সালেহ।
ইউটিউব প্রিমিয়ামের বিজ্ঞাপনমুক্ত কনটেন্ট দেখার সুবিধার সঙ্গে এই প্ল্যাটফর্মটির নির্মাতাদের সহযোগিতায় নির্মিত প্রিমিয়াম ইউটিউব অরিজিনাল প্রোগ্রামিং, ভিডিও ডাউনলোড এবং মোবাইল ডিভাইসে ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক এবং ইউটিউব মিউজিক স্ট্রিমিং পরিষেবা পাওয়া যায়। ইউটিউবের মিউজিক স্ট্রিমিং পরিষেবায় ইউটিউব ব্যবহারকারীরা তাদের পছন্দ এবং রিকমন্ডেশনের ভিত্তিতে বিভিন্ন ধরনের গান শুনতে পারেন। আর প্রিমিয়াম সংস্করণে বিজ্ঞাপনমুক্ত মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান ডাউনলোড এবং অফলাইন গান শোনা যায়।
২০১৪ সালের ১৪ নভেম্বর এই প্রিমিয়ামের পরিষেবাটি চালু হয়। তখন শুধু ইউটিউব এবং গুগল-প্লে মিউজিকের ভিডিওগুলোর বিজ্ঞাপনমুক্ত স্ট্রিমিং সুবিধা পাওয়া যেত। এরপর ২০১৫ সালের ৩১ অক্টোবর 'ইউটিউব রেড' হিসেবে আবার চালু করা হয়।
২০১৮ সালে ইউটিউব এটিকে 'ইউটিউব প্রিমিয়াম' নাম দিয়ে একটি পৃথক পরিষেবা হিসেবে পুনঃব্র্যান্ডিং করে।







